হাতিরঝিল এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক সংলগ্ন এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে হাতিরঝিল পানির পাম্প এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) খোন্দকার সেলিম শাহরিয়ার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তবে, তার পরিচয় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই শাহরিয়ার আরও বলেন, হাতিরঝিল লেক সংলগ্ন আকিজ গলিতে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল লুঙ্গি। স্থানীয় কেউ ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি।

এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।