পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি মৃত ইরাবতি ডলফিন ভেসে এসেছে।
রবিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে হাবিব আকন (৪৮) এক নামে ব্লু বার্ড সদস্য সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় মৃত ডলফিনটিকে দেখতে পান। এরপর উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেওয়ার পর জেলা বন কর্মকর্তার নির্দেশে এটিকে মাটি চাপা দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া, ডলফিনটির ঠোঁট এবং একটি কান কাটা। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতেই এটির মৃত্যু হয়েছে।
ইউএসএইড/ইকো ফিস-২ প্রকল্প পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, “খবর পেয়ে এসে দেখলাম ৫ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন সমুদ্র পাড়ে পড়ে আছে। এটার একটি কান কাটা ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে জেলেদের জালে আটকে এটি মারা গেছে।”
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন।” ডলফিন রক্ষায় বেশ কয়েকবার জেলেদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি।