উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার পথে মেট্রোরেলের ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়েছে। সচিবালয় ও জাতীয় প্রেসক্লাবের সামনের কিছু অংশে কংক্রিটের ভায়াডাক্ট বসানোর কাজ বাকি ছিল।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা ১৪ মিনিটে জাতীয় প্রেসক্লাবের কাছে ৫৮২ ও ৫৮৩ নম্বর পিয়ারের মধ্যে ভায়াডাক্টের শেষ অংশটি বসানো হয়।
পিয়ারগুলোর উপরে যে কংক্রিটের কাঠামো বসিয়ে যোগসূত্র তৈরি করা হয়, যেগুলোকে বলা হয় ভায়াডাক্ট। আর ভায়াডাক্টের ওপরে বসে রেললাইন।
জাতীয় প্রেসক্লাবের সামনের কিছু অংশে পিলারের উপর ভায়াডাক্ট বসানো হয়/ ফোকাস বাংলাঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা থেকে আগারগাঁও অংশে উড়ালপথের ওপর রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে। ওই অংশে পরীক্ষামূলকভাবে চলাচল করেছে মেট্রোরেল। এবার আগারগাঁও থেকে মতিঝিল অংশে ভায়াডাক্টের কাজ শেষ হলে সেখানে শুরু হবে রেললাইন বসানো, বিদ্যুৎ–ব্যবস্থা স্থাপনসহ অন্যান্য কাজ।
সরকার জানিয়েছে, আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে ২০২৩ সালের ডিসেম্বরে। যদিও এই প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত।
মেট্রোরেলের কাজ শেষ হলে ১৬টি স্টেশনে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করতে পারবে মেট্রোরেল। ফলে ৪০ মিনিটে পৌঁছানো যাবে উত্তরা থেকে মতিঝিল। বর্তমানে এই পথ পাড়ি দিতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে।