সুস্থ থাকতে বিএনপি নেতারা যেন বুস্টার ডোজ নেন, আহ্বান তথ্যমন্ত্রীর

বিএনপির যে নেতারা এখনও বুস্টার ডোজ নেননি তাদেরকে করোনাভাইরাসের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “বিএনপির যে নেতারা এখনও বুস্টার ডোজ নেননি, আসুন আমরা আপনাদের বুস্টার ডোজ দেব। যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।”

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা মহামারি ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিরোধ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির যেসব নেতা করোনাভাইরাসের টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছেন তাদেরকে ক্ষমা চাওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, “যারা সমালোচনা করেছিলেন তাদেরও আমরা করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দিয়েছি।”

হাছান মাহমুদ বলেন, “গণমাধ্যমে দেখলাম গতকাল বিএনপির একটি সভা হয়েছে, সেই সভায় পলাতক আসামি তারেক রহমান সভাপতিত্ব করেছেন। হাইকোর্টের একটি আদেশ আছে, তারেক রহমানের ব্যাপারে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। কিন্তু আমি গণমাধ্যমে সেই সংবাদ দেখলাম। এটি হাইকোর্টের নির্দেশনার বরখেলাপ।”

তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশকে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য মির্জা ফখরুল সাহেব নিজে স্বাক্ষর করে চিঠি দিয়েছেন। সাহায্য মানুষের জন্য আসে, সরকারের জন্য আসে না। যে রাজনৈতিক দল নিজে স্বাক্ষর করে বাংলাদেশে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লেখে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকে না।”