বান্দরবানের রুমায় টহলরত সেনাসদস্যদের ওপর “সন্ত্রাসীদের হামলায়” সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন সেনাসদস্য। সেনা সদস্যদের পাল্টা গুলিতে নিহত হয়েছে জেএসএসের তিন সদস্য।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নিহত সেনা কর্মকর্তার নাম হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। এ ঘটনায় আহত সেনা সদস্যের নাম ফিরোজ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে নিহত জেএসএস সদস্যদের নাম জানা সম্ভব হয়নি।
এদিকে স্থানীয়দের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা কর্মকর্তা হাবিবুর রহমানের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল পাখই পাড়ায় যায়। সেখানে গিয়ে তারা জানতে পারেন বথিপাড়া এলাকার অবস্থান করছে জেএসএস সদস্যরা। পরে বথিপাড়ায় গেলে জেএসএস সন্ত্রাসীরা সেনা সদস্যদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রাণ হারান সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। পায়ে গুলি লাগে আরেক সেনা সদস্যের।
বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান/ সংগৃহীতপরবর্তীতে সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে জেএসএসের তিন সদস্য মারা যায়। পরে ঘটনাস্থল থেকে জেএসএসের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়।