এ বছরও এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে রয়েছে মেয়েরা ।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর দেখা গেছে এ চিত্র।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন শিক্ষার্থী এবং উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।
এর মধ্যে, ৭ লাখ ১৫ হাজার ৫১৬ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৮০ জন। পাশের হার ৯৪.১৪%।
অন্যদিকে, ৬ লাখ ৫৬ হাজার ১৬৫জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ১৩৮ জন। পাশের হার ৯৬.৪৯%।
এদিকে, এ বছর এইচএসসি ফলাফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যেও মেয়েরা এগিয়ে আছে।
এ বছর মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে, ১ লাখ ২ হাজার ৪০৬ জন ছাত্রী এবং ৮৬ হাজার ৭৬৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের হার ১৫.৬১% এবং ছাত্রদের হার ১৩.৭৯%।