চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহাল চট্টগ্রামের পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় থেক এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে ৫ বিষয়ে অকৃতকার্য হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’
ওসি আরও বলেন, ‘‘এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পরিবারের সদস্যদের অগোচরে নিহাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।’’
নিহতের চাচা মো. শাখাওয়াত সাংবাদিকদের বলেন, ‘‘বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল নিহাল। সোমবার ফল প্রকাশের পর দেখা যায়, ৫ বিষয়ে অকৃতকার্য হয়েছে সে।’’



