চট্টগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি মার্কেটের সাতটি কাপড়ের দোকান পুড়ে গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী জামাই বাজার এলাকার আলী মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চন্দনপুরা ও লামার বাজার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার কর্মীরা ১টা ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে পুরোপুরি নিভাতে আরও প্রায় এক ঘণ্টা সময় লাগে।
এ ঘটনায় মার্কেটের নিচতলার সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



