চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ ও নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জুম প্ল্যাটফর্মে শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ওই রাত থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানানো হয়।
শিক্ষক সমিতির জরুরি সভার সিদ্ধান্তে আরও বলা হয়, সমিতির সদস্যদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ বলেন, “আমাদের সভা হয়েছে। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি। তবে হল ও জরুরি বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো যথারীতি চালু থাকবে।”
এর আগে, বৃহস্পতিবার দুপুরে চুয়েট শিক্ষক সমিতির এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সিদ্ধান্ত ও অবস্থান জানানো হয়। এতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২৭ জুলাই অধ্যাপক সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাত্র ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চুয়েট শিক্ষক সমিতি।
এর ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা।



চুয়েট উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চলছে সর্বাত্মক শাটডাউন