রাজধানীর শাহবাগে গাড়িচাপায় মো. দীপু নামে এক তরুণ নিহত হয়েছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে মৎস্য ভবন সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুল কিনতে শাহবাগ যাচ্ছিলেন তিনি।
নিহত দীপুর গ্রামের বাড়ি বরিশালে, দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মামার বাসায় থাকতেন ২৬ বছর বয়সী দিপু।
নিহত দিপুর খালাতো ভাই মো. মাহবুব জানান, সোমবার ভোরে ফুল কিনতে শাহবাগে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন দিপু।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ফুল কিনতে শাহবাগে যাচ্ছিলেন দীপু। পথে কোনো গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছিল। সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ গাড়িটি শনাক্তের চেষ্টা করছে বলেও জানান তিনি।