রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ভবনের মালিক দুই ভাই মোহাম্মদ হাসান সুলতান ও হোসেন সুলতানসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) চকবাজার থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন। আগামী ২৩ মার্চ অভিযোগপত্র গ্রহণের বিষয়ে দিন ধার্য করেছেন আদালত।
হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার মামলাটির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক আবদুল কাইয়ুম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে অপর আসামিরা হলেন, রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ।
২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ দিকে চকবাজার মডেল থানাধীন চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যায়। ওই ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করা হয়।