২২ ফেব্রুয়ারি থেকে উঠছে বিধিনিষেধ, বাধ্যতামূলক থাকছে মাস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারির পর থেকে আর বাড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিধিনিষেধ উঠে গেলেও সর্বস্তরের মাস্ক পরা বাধ্যতামূলকই থাকছে। যেকেনো সভা-সেমিনার কিংবা সামাজিক অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে।

তিনি বলেন, “আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা) খুলে যাচ্ছে, আর ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ও খুলে যাচ্ছে। ২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধের সময়সীমা আর বাড়ছে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেকোনও সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে।”

প্রসঙ্গত ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের পর মার্চের শেষের দিকে গণপরিবহন বন্ধসহ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধ ওই বছরের জুলাই থেকে কিছুটা শিথিল হতে থাকে। গত বছরের মার্চে পুনরায় করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ দেখা দিলে আবার আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ। এরপর গত বছরের আগস্টে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাব বৃদ্ধি পেলে গত মাস থেকে আবারও বিধিনিষেধে ফিরেছিল দেশ। যা মঙ্গলবার থেকে উঠে যাচ্ছে।