Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৪ মাস পর সিলেটে ১ জনের শরীরে করোনা শনাক্ত

তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:৩৭ এএম

সিলেটে দীর্ঘ বিরতির পর নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান।

জানা গেছে, করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে এনজিওগ্রাম ্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করানোর সময় তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাকে শামসুদ্দিন হাসপাতালের একটি কেবিনে আইসোলেট করা হয়। প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে কোভিড শনাক্ত হয়েছিল। প্রায় ১৪ মাস বিরতির পর ফের সিলেটে একজনের শরীরে কোভিড শনাক্ত হলো।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের চিকিৎসার জন্য ডেডিকেটেড করা শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে শনিবার পর্যন্ত ভর্তি ছিলেন ১৩৫ জন রোগী। এই পরিস্থিতিতেই এখন কোভিড রোগীও ভর্তি করা হচ্ছে সেখানে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা একই হাসপাতালে সংক্রামক দুটি রোগের রোগীদের একসঙ্গে চিকিৎসা দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, ভিড় এড়িয়ে চলা এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছে। তাদের ভাষ্যে, সচেতনতাই এক্ষেত্রে সবচেয়ে বড় সুরক্ষা।

প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ডা. মঈন উদ্দিন নামের একজন চিকিৎসক, যিনি দেশের প্রথম কোভিড যোদ্ধা হিসেবে পরিচিত।

   

About

Popular Links

x