বিজ্ঞান লেখক অনন্ত বিজয় হত্যা মামলার যুক্তিতর্ক শুরু

বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। বুধবার বাদী ও বিবাদীপক্ষের যুক্তিতর্ক শুনবেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী সমর বিজয় সী শেখর ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম দিনের শুনানিতে মামলার আসামি আবুল খায়ের রশীদ আহমদ ও সফিউর রহমান ফারাবী আদালতে উপস্থিত ছিল।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার সাফাই সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘‘যুক্তি’’ নামে একটি বিজ্ঞানবিষয়ক পত্রিকা সম্পাদনা করতেন।

হত্যার পরদিন তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এতে বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়।

থানা পুলিশের কাছ থেকে মামলাটি তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযুক্তরা হলো- সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)।

আসামিদের মধ্যে ফারাবী বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। 

এছাড়া, আসামি মান্নান রাহী আদালতে অনন্ত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তবে ২০১৭ সালের ২ নভেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় এই অভিযুক্তের। এছাড়া আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ নামে তিন আসামি এখনও পলাতক।