সাভারে বাসচাপায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সুমাইয়া খানম ঊষা (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন।
শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থিত “সাভার গলফ ক্লাবের” সামনে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ঊষা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ইশারত হোসেনের মেয়ে। তবে নিহতের স্বামীর পরিচয় পাওয়া যায়নি। পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: খিলক্ষেত ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী
ওসি আতিকুর রহমান জানান, স্বামী-স্ত্রী সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে সাভার থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের গলফ ক্লাবের সামনে পৌঁছুলে গতিরোধকের ঝাঁকুনিতে দ্রুত গতির মোটরসাইকেলের পেছন থেকে ঊষা পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি বাস ঊষাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী সুমাইয়া খানম ঊষাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।