ভাসানচরে ‘বেড়াতে’ গিয়ে আটক ৮ রোহিঙ্গা

ফেনীর সোনাগাজী উপজেলা থেকে ভাসানচর থেকে কুতুপালং ক্যাম্পে ফেরার পথে ৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।  

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটক রোহিঙ্গারা সবাই কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

তারা হলো-রমজান আলীর ছেলে নুর মোহাম্মদ (১৫), হাফেজ আহম্মদের ছেলে মো. ছাদেক (১৪), মোহাম্মদ আলীর ছেলে মো. আফছার (১৭), আবুল হাসেমের ছেলে সৈয়দ কাসেম (২৫), সৈয়দ কাসেমের ছেলে মো. রিয়াজ (৭), জাফর উল্যাহর ছেলে রমজান আলী (১৬) এবং আবদুস শুক্কুরের ছেলে মো. ফারুক (১৫)। 

জানা গেছে, স্বজনদের সঙ্গে দেখা করার উদ্দেশে ভাসানচর গিয়েছিল রোহিঙ্গাদের ওই দলটি। ফেরার সময় ফেনীর সোনাগাজী উপজেলায় তাদের সঙ্গে থাকা ১০ হাজার টাকা নিয়ে ট্রলারটিসহ পালিয়ে যায় মাঝি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


আরও পড়ুন



তিনি বলেন, “আটক ব্যক্তিরা কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সেখান থেকে নদী পথে গত কয়েকদিন আগে স্বজনদের সঙ্গে দেখা করতে নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে যায় তারা। রুহুল আমিন মাঝি ও কাসেম মাঝির সঙ্গে যোগাযোগ করে কক্সবাজারের উদ্দেশে নদীপথে ট্রলার ভাড়া করে তারা। ভাসানচর থেকে তাদের ছোট ফেনী নদীর মুসাপুর তীরে রেখে মোবাইল ফোনসহ নগদ ১০হাজার টাকা ছিনিয়ে ট্রলার নিয়ে পালিয়ে যায় মাঝি। এ সময় নিরুপায় হয়ে নদী তীরবর্তী সওদাগর হাটে অবস্থান নেয় তারা।

ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান বলেন, “আটক রোহিঙ্গাদের কতুপালং ক্যাম্পে প্রেরণ করা হবে।”