বন্যাকবলিত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও উত্তরবঙ্গে জরুরি টেলিযোগাযোগ সেবা সচল রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১–এর মাধ্যমে সংযোগ স্থাপন শুরু হয়েছে। এ লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ইন্টারনেটসহ নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করেছে।
ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানের তত্ত্বাবধানে সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীকে শনিবার (১৮ জুন) ১২টি ভিস্যাট যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। রবিবার নেত্রকোনা ও উত্তরবঙ্গে ভিস্যাট হাব স্থাপিত হচ্ছে।
এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনারের দপ্তরকেও আরও ২৩ সেট ভিস্যাট যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। এতে আরও ২৩টি বন্যা উপদ্রুত এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা যাবে।
বিএসসিএল জানায়, তারা বন্যাকবলিত এলাকায় নিয়োজিত সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রয়োজন অনুযায়ী আরও ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করতে সক্ষম। এর মাধ্যমে বন্যাকবলিত আরও এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা যাবে। মোবাইল ফোন কোম্পানিগুলো প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক সচল করার কাজেও বঙ্গবন্ধু স্যাটেলাইট–১ ব্যবহার করতে পারবে।
ভিস্যাটের মাধ্যমে দুর্যোগকালীন নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএসসিএল এরই মধ্যে একটি মনিটরিং সেল গঠন করেছে, যেটি মাঠ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে। বন্যাকবলিত এলাকায় বিশেষ ব্যবস্থায় টেলিযোগাযোগ সেবা চালু রাখার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
এ দিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোবাইল অপারেটরগুলোকে বানভাসি মানুষদের জন্য তিনটি করে টোল ফ্রি নম্বর চালু করার নির্দেশে দিয়েছেন। নির্দেশনার আলোকে মোবাইল অপারেটরগুলো টোল ফ্রি নম্বর চালু করেছে। টোল ফ্রি নাম্বারগুলো হচ্ছে-
গ্রামীণফোন: ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮
রবি: ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭
বাংলালিংক: ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪ এবং
টেলিটক: ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭, ০১৫১৩৯১৮০৯৮।