ঈদের ছুটি শেষে পরিবারের দুই সদস্যসহ ঢাকায় ফিরছিলেন উম্মে সালমা (২৪)। গন্তব্য ইডেন মহিলা কলেজের রাজিয়া বেগম ছাত্রী নিবাস। কিন্তু সেখানে ফেরা হয়নি তার। আসার পথে ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উম্মে সালমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত উম্মে সালমার বাড়ি ভোলার চরফ্যাশন থানা এলাকায়। উম্মে সালমা ইডেন মহিলা কলেজ থেকে সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
উম্মে সালমার চাচতো ভাই মো. হাসান বলেন, “ঈদের ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে লঞ্চযোগে সালমা, তার ছোট ভাই নাঈম ইসলামসহ আমি একসঙ্গে সদরঘাট আসি।”
সালমার ছোট ভাই নাঈম ইসলাম বলেন, “আমি একটি রিকশা নিয়ে ধোলাইপাড়ে উদ্দেশে রওনা দিই। আর সদরঘাট থেকে উম্মে সালমাকে ব্যাটারি চালিত রিকশায় করে আজিমপুরে রাজিয়া ছাত্রী নিবাসে পৌঁছে দিতে যাচ্ছিলেন চাচাতো ভাই হাসান।”
তিনি আরও বলেন, “ইসলামবাগে পৌঁছানোর আমাদের রিকশার একটি চাকা গর্তে পড়ে গেলে তখন সামনে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমাদের রিকশাটি উল্টে যায়। ফলে সালমা মাথায় গুরুতর আঘাত পান। গুরুতর আহত অবস্থায় সালমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভোরে তাকে মৃত ঘোষণা করেন।”
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “সালমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
আর পড়ুন
- সংসদ সদস্যের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষকে পেটানোর অভিযোগ
- ফেসবুকে ‘ধর্মানুভূতিতে আঘাত’, রাজশাহী কলেজের ছাত্রীকে ক্যাম্পাসে সাময়িক নিষিদ্ধ
- কলেজছাত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক বিয়ের ঘটনায় আটক ১
- পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা বহিষ্কার
- সাবেক মন্ত্রী মোশাররফ দম্পতির নামে রাজেন্দ্র কলেজে ছাত্রাবাস হচ্ছে না