প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির রাজা তৃতীয় চার্লস।

স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে এক টেলিফোন কলে রাজা চার্লস এ কৃতজ্ঞতার কথা জানান।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে তিনি ধন্যবাদ জানান।

 এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, “প্রয়াত রানি আমার কাছে একজন মা এবং কমনওয়েলথের অসাধারণ এক প্রধানের মতো ছিলেন। রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে, আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রধানমন্ত্রী রাজাকে আরও জানান যে, বাংলাদেশে তার সরকার প্রয়াত রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

রাজা চার্লস তৃতীয়কে তার সিংহাসনে আরোহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।

রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) ১৯৯৭ সালে বাংলাদেশ সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী রাজাকে বলেন, “বাংলাদেশ-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মাসে রাজা চার্লস এবং কুইন কনসোর্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।”

জবাবে রাজা চার্লস বলেন, “কুইন কনসোর্ট এবং আমি ৫০তম বার্ষিকীতে বাংলাদেশ সফরের জন্য অনেক অপেক্ষায় ছিলাম, তবে সাম্প্রতিক ঘটনাবলীর কারণে দুর্ভাগ্যবশত আমাদের এটি বাতিল করতে হচ্ছে।” 

রাজা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশি ব্রিটিশ অভিবাসীদের শুভেচ্ছা জানান।

রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন রাজার ব্যক্তিগতভাবে কথা বলার জন্য বাকিংহাম প্যালেস ফোন কলের সময় নির্ধারণ করে।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছরে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এর মধ্যদিয়ে তার ৭০ বছরের শাসনামলের অবসান হয়।  ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। যেখানে সারা বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধান সহ ২,০০০ জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।