ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। পোস্টে তিনি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল আরাফাতের একটি ভিডিও সংযুক্ত করেন।
ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, “‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছে এমএ আরাফাত! আগেই বলেছিলাম- ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।”
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন আরও লেখেন, “গতকাল রাতে ফেসবুক লাইভের অডিওবার্তায় শেখ হাসিনা বলেছে, আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই... পরবর্তীতে আরেক জায়গায় বলেছে, সুযোগ পেলে যাব! কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটিবারের জন্যও স্পষ্ট করে বলেননি! এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় (ভারতে) পালিয়ে যেতে পারবা না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে।”
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রীয় বিমান পাঠানোর দাবি করেছিলেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির এমন আবদার তামাশা এবং দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।



