কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কর্মসূচির প্রভাবে জেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস-আদালত, ব্যাংক-বিমা ও থানার সামনের গেট বন্ধ থাকলেও ভেতরে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) গোপালগঞ্জসহ ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলেনি। সড়কে মানুষের চলাচল সীমিত ছিল এবং বিভিন্ন স্থানে অবরোধ ও মিছিল হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কের অন্তত ২০টি স্থানে পাশের গাছ কেটে সড়কে ফেলে অবরোধ তৈরি করা হয়।
শহরের পুলিশ লাইন্সমোড়, লঞ্চঘাট, এলজিইডির মোড়, ঘোনাপাড়া মোড়, বেদগ্রাম মোড়, মিয়াপাড়া মহাসড়ক, লিটন সড়ক ও চেচানিয়াকান্দিসহ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া, গোপিনাথপুর, কাঠি, মাঝিগাতি, কাজুলিয়া, হরিদাসপুর, উলপুর, বৌলতলী ও সাতপাড়ে অবরোধ ও মিছিল হয়।
এ ছাড়া কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া গোলচত্বর, গোপালপুর, রামদিয়া ও ফুকরা; মুকসুদপুর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়, জলিরাপাড় বাসস্ট্যান্ড, বাটিকামারী, বণগ্রাম বাজার ও টেকেরহাট বন্দর; কোটালীপাড়া সদরের পশ্চিমপাড়, মহুয়া মোড়, মাঝবাড়ি, ওয়পদারহাট, কালিগঞ্জ ও সিকির বাজার এবং টুঙ্গিপাড়া সদরের পাটাগাতী বাসস্ট্যান্ড, নিলফা খালেকের বাজার, পাটাগাতী চৌরঙ্গী, নতুন বাজার, মল্লিকের মাঠ ও বালাডাঙ্গা ব্রিজ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে ও ব্যারিকেট দিয়ে লকডাউন সমর্থকেরা লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন।
ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম মোড়ে অবরোধে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহাবুদ্দিন হিটু ও জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাসহ নেতাকর্মীরা।
একই মহাসড়কের মান্দারতলা এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, যুবলীগ নেতা জাহেদ মাহমুদ বাপ্পী ও মাহমুদ হাসান জামালের নেতৃত্বে অবরোধ পালিত হয়। শহরের পাবলিক হল মোড়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুক্তির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিটু ও যুবলীগ নেতা মাহমুদুর রহমান মুন্না।
শহরের লঞ্চঘাট এলাকায় সালাউদ্দিন খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, আওয়ামী লীগ নেতা মোজাফফর এইচ নানু ও জিহাদ খান বক্তব্য দেন। এ ছাড়া সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিবের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়।
এদিকে দুপুর ১টার দিকে ছাত্রলীগ নেতা রাজু খানের মুঠোফোনে কল করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, “আজকে কোনো পিকেটিং হয়নি, আজকে হয়েছে সমাবেশ। সারা গোপালগঞ্জের আমরা মুকসুদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া উপজেলায় সমাবেশ হয়েছে। আমাদের একটাই দাবি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইকে আমরা দেশে ফিরিয়ে আনব। যত সময় দেশরত্ন দেশে না ফিরে আসবে, তাকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা বুঝিয়ে না দিতে পারব, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই-সংগ্রাম চলবে। আমরা পরবর্তী কর্মসূচি- চলো চলো ঢাকা চলো, ঢাকাকে ঘেরাও করে...।”
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহাবুদ্দিন হিটু দাবি করেন, বেদগ্রাম গোলচত্বরে ১০ হাজার এবং সারা গোপালগঞ্জ জেলায় এক লাখের বেশি মানুষ মাঠে নেমেছে। শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও নাইমকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান বলেন, “আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় না বসানো পর্যন্ত আমাদের লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি শেখ সেলিমের নির্দেশে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।”
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইলিয়াস হক বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কর্মসূচি না করার হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।
অন্যদিকে, নাশকতা এড়াতে জেলার সরকারি অফিস, আদালত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিজিবির টহল অব্যাহত রয়েছে।



