একুশে বইমেলায় বিক্রি হওয়া বইয়ের তালিকায় উপন্যাস সবসময়ই ওপরের দিকে থাকে। কারণ পাঠকদের কাছে উপন্যাসের আবেদন সবসময় পছন্দের শীর্ষে থাকে। তবে উপন্যাসের ধরন অনুযায়ীও বই বিক্রিতে তারতম্য দেখা যায়।
চলমান অমর একুশে বইমেলার বিভিন্ন স্টল-প্যাভিলিয়ন ঘুরে দেখা গেছে, বিক্রি হওয়া বইয়ের মধ্যে রোমান্টিক উপন্যাসগুলো শীর্ষে রয়েছে। রোমান্টিক উপন্যাসের পর রাজনৈতিক ও ঐতিহাসিক উপন্যাসের চাহিদা বেশি।
বিক্রেতা ও প্রকাশকরা জানান, মেলায় উপন্যাসের বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। রোমান্টিক উপন্যাসের চাহিদা সবচেয়ে বেশি। প্রয়াত হুমায়ূন আহমেদের রোমান্টিক উপন্যাসের চাহিদা সবার ওপরে।
নতুন প্রজন্মের লেখকদের মধ্যে সাদাত হোসেন, মৌরি মরিয়ামের বইয়ের চাহিদা উল্লেখযোগ্য। বইমেলায় হুমায়ুন আজাদ ও সৈয়দ শামসুল হকের বইয়ের চাহিদাও রয়েছে।
প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বলেন, “উপন্যাস বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে রোমান্টিক ও রাজনৈতিক উপন্যাসের চাহিদা সবচেয়ে বেশি। পাঠকরা এসে হুমায়ূন আহমেদের বই বেশি কিনছেন। পাশাপাশি সাদাত হোসেন, মৌরি মরিয়ামের বইও বিক্রি হচ্ছে।”
ঐতিহ্য প্রকাশনীর বিক্রয়কর্মী সালেহীন জিহাদ বলেন, “মেলায় রোমান্টিক উপন্যাসের চাহিদা বেশি। এ বিভাগে হুমায়ূন আহমেদ এখনও অপ্রতিদ্বন্দ্বী। তারপর রাজনৈতিক ও ঐতিহাসিক উপন্যাসেরও চাহিদা রয়েছে।” এর মধ্যে হুমায়ুন আজাদ, সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়ের বইয়ের চাহিদা বেশি বলেও জানান তিনি।