পরীক্ষার হলে ছাত্রীদের মুখ খোলা রাখার বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে ছাত্রীদের কানসহ মুখ দৃশ্যমান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের দেওয়া বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ তিন শিক্ষার্থীর পক্ষে রিটটি আদালতে জমা দেন।

আগামী সপ্তাহে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ।

এ বিষয়ে তিনি সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “প্রত্যেক ছাত্রীর কানসহ মুখমণ্ডল খোলা রাখতে গত বছরের ১১ ডিসেম্বরের ওই বিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হবে।”

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর এ সংক্রান্ত নির্দেশনা সংবলিত একটি বিজ্ঞপ্তি ঢাবির বাংলা বিভাগের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলা বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুসারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল/ প্রেজেন্টেশন), মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে পরিচয় শনাক্ত করার জন্য মুখমণ্ডল পরীক্ষা চলাকালীন দৃশ্যমান রাখতে হবে।