Friday, September 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে শিশু ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক-পরিচালক গ্রেপ্তার

মির্জাপুরের মারকাজুল উম্মা হাফেজিয়া মাদ্রাসাটি বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে একটি মাদ্রাসার নাজেরা শাখার এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আল-আমিন (২৭) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনিরুজ্জামান মনিরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার বংশাই রোডের মারকাজুল উম্মা হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর উপজেলা প্রশাসন মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে।

জানা যায়, উপজেলা সদরের বংশাই রোডের একটি চারতলা ভাড়া বাসায় মারকাজুল উম্মা হাফেজিয়া মাদ্রাসায় দুই শতাধিক শিশু শিক্ষার্থী আবাসিক থেকে পড়াশোনা করে আসছে। মাদ্রাসার শিক্ষক হাফেজ আল আমিন নাজেরা শাখার শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগী শিশু অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি সহপাঠী শিক্ষার্থী ও তার পরিবারকে জানায়।

এরপর শুক্রবার শিশুর মা রুমা বেগম মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত শিক্ষক আল-আমিন ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শিশুর পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শিক্ষা অফিসার জুলফিকার হায়দার মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক আল আমিন ও পরিচালক মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। “

   

About

Popular Links

x