ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এসব চুক্তি পর্যালোচনার ফলাফল শিগগিরই জানানো হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সরকারদলীয় অন্যান্য হুইপও উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়।
চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তির আওতায় বন্ধুরাষ্ট্রের জাহাজ চলাচল এবং ওই চুক্তি বাতিলের বিষয়ে জানতে চাইলে নূরুল ইসলাম মনি বলেন, ‘‘ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলো নিয়ে সরকার আলোচনা করছে। ১০১টি এমওইউ পর্যালোচনার ফলাফল খুব শিগগিরই জানানো হবে।’’
চিফ হুইপ জানান, সংসদের তৃতীয় অধিবেশন মোট ৯ কার্যদিবসের ছিল। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন ও পাস হয়েছে। বিভিন্ন বিধিতে ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নিজে ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন।
সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সংসদের অধিবেশন বসার ধারাবাহিকতায় তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী অধিবেশনও একই ধারায় অনুষ্ঠিত হবে।
তৃতীয় অধিবেশনে পাস হওয়া ছয়টি বিলের মধ্যে সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন চিফ হুইপ। তিনি বলেন, ‘‘সংশোধনীর মাধ্যমে মা-বাবা জীবদ্দশায় সন্তানকে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও ওই সম্পত্তি ভোগ করার অধিকার পাবেন।’’
বৃদ্ধ মা-বাবার সুরক্ষার লক্ষ্যেই এ ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। অনেক ক্ষেত্রে সন্তানকে সম্পত্তি দেওয়ার পর মা-বাবা বৃদ্ধাশ্রমে থাকেন কিংবা তাদের ভরণপোষণ হয় না। নতুন আইনে তাদের জীবদ্দশায় সম্পত্তির ওপর ভোগের অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।



