সিলেটের বটেশ্বর এলাকায় অটোরিকশা চালকের লাথিতে এক ক্যান্সার রোগীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আদালত অভিযুক্তকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার সন্ধ্যায় বটেশ্বর বাজারে সিএনজি অটোরিকশা চালকের লাথিতে মারা যান জালাল উদ্দীন (৪৮) নামে ওই ক্যান্সার রোগী। ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে চালক তাকে লাথি মারেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মৃত জালাল উদ্দীনের বাড়ি বটেশ্বর এলাকার কানুগুল গ্রামে। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। বিকেলে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, জালাল উদ্দীন ক্যান্সারের রোগী ছিলেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছিল। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বটেশ্বর বাজারে ভাড়া নিয়ে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনের (৩০) সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মামুন তার পেটের নিচ অংশে লাথি দিলে জালাল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনার পরপরই অভিযুক্ত অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মামলা করলে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মামুনকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান ওসি।