রাজধানী ঢাকার গুলিস্তানে (সিদ্দিকবাজার) ভয়াবহ বিস্ফোরণের মামলায় ভবন মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হচ্ছেন- ভবনের মালিক ওয়াহিদুর রহমান (৪৬), ওয়াহিদুরের ভাই মতিউর রহমান (৩৬) ও মোতালেব মিন্টু (৩৬)।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের (সিদ্দিকবাজার) পৌর ভবনে নামে বিল্ডিংয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ভয়াবহ বিস্ফোরণে ২১ জন নিহত হয়।
মঙ্গলবার দুই ভাইকে রাজধানীর ফুলবাড়িয়া এলাকা থেকে আটক করা হয়। একই রাতে মোতালেবকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) ড. কে. মহিউদ্দিন। তিনি বলেন, “ভবন মালিকের অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”
বিস্ফোরণের ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-উর-রশিদ বলেন, “প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুইন্স স্যানিটারি মার্কেটের বেজমেন্টে বিস্ফোরণ ঘটে। রাজউকের নিয়মানুযায়ী বেজমেন্টটি যথেষ্ট প্রশস্ত হলে তাৎক্ষণিকভাবে যেকোনো সমস্যা সমাধান করা সহজ হতো।”
ডিএমপি কর্মকর্তা আরও বলেন, “ভবন মালিকরা এক সময় বেজমেন্টটিকে রান্নাঘর হিসেবে ব্যবহার করতেন। তারপর রান্নাঘরের গ্যাস লাইন ঠিকমতো না সরিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত নির্মাণ সামগ্রীর বাজার তৈরি করে শ্রমিক ও গ্রাহকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন।”
এদিকে বিস্ফোরণের তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-অতিরিক্ত পরিচালক শাহজাহান সিকদার জানান, কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।