Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে বাসচাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা নিহত হন

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

গাজীপুরে বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার (ট্রাফিক) আশরাফুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অনাবিল পরিবহনের একটি বাস বাসন সড়ক এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছিল। এ সময় পেছন থেকে টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনের বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি অটোরিকশার উপর উঠে পড়ে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। এসময় মহাসড়কের ময়মনসিংহগামী লেনে যানবাহন আটকে যানজট লেগে যায়। খবর পেয়ে পুলিশ ও গাজীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের সামনের অংশে আটকে পড়া অটোরিকশা থেকে হতাহতদের বের করে। তবে হতাহতদের বের করতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। পরে বাসের সামনের অংশ কেটে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, “যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x