৭ জেলা, ১৫৯টি উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

দেশের সাতটি জেলা ও ১৫৯টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমি ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে দেশের সব উপজেলায় একযোগে ভূমিহীন-গৃহহীন মানুষের কাছে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এর আগে পঞ্চগড় ও মাগুরা জেলাকে ভূমিহীন-গৃহহীন হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আজকের গৃহ হস্তান্তরের পর দেশে ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলার সংখ্যা ৯টি এবং উপজেলার সংখ্যা হবে ২১১টি।

এসব জেলা ও উপজেলাতেও নদীভাঙন, প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো কারণে কেউ ভূমিহীন-গৃহহীন হয়ে পড়লে তাদের পরিবারকে চিহ্নিত করেও জমির মালিকানাসহ ঘর দেওয়ার ব্যবস্থা করবে সরকার।

বুধবার দেশের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫টি গৃহহীন-ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়। এর আগে প্রথম ধাপে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি এবং তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বুধবারের পর হস্তান্তরিত মোট গৃহের সংখ্যা হবে দুই লাখ ১৫ হাজার ৮২৭টি।

এদিন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি তিনটি উপজেলায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা তিনটি হলো, গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশালের বানারীপাড়া পৌরসভার উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্প।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ভূমিহীনদের ঘর দেওয়ার সবচেয়ে বড় অর্জন হলো দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানো।”

তিনি বলেন, “জাতির পিতা দেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করে বাংলাদেশের দুর্দশাগ্রস্ত মানুষকে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ জীবন দিতে চেয়েছিলেন। যার জন্য তার সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।”

সরকার প্রধান কোনো জেলায় কেউ গৃহহীন ও ভূমিহীন রয়েছে কি-না তা জানতে তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ বাড়ি, আশ্রয় এবং জীবিকার সুযোগ পাবে। তারা আর সমাজের বোঝা হয়ে থাকবে না। আমরা চাই প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবে এবং যথাযথ সম্মানের সাথে বসবাস করবে।'”

প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না বলে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গৃহহীনদের জন্য পুনর্বাসন কর্মসূচি চালু করেন।