রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে এপিবিএন সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী ও এক সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের মসজিদের পাশে এ ঘটনা ঘটে। গোলাগুলি থামলে এক সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ।

তিনি জানান, ক্যাম্পের ১৭ নম্বর “এল” ব্লকে মসজিদের পাশে পাহাড়ি ঢালে আরসা নেতা লালুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী অবস্থান করছে, এমন খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে এপিবিএন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে আরসা সন্ত্রাসীরা। তাদের গুলিতে নুর হাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হন। তিনি ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।

আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালাতে শুরু করে। এ সময় আরসা সন্ত্রাসী সাদেককে অস্ত্রসহ আটক করা হয়। সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থলে আরসার নেতা হাসিমের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। 

এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানান এএসপি ফারুক। নিহত হাসিমের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড, মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ছিল।