Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

বিরতিহীন না হওয়ায় বিভিন্ন স্টেশনের যাত্রীরা এই ট্রেনে করে কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চলাচল শুরু করবে আগামী ২৬ অক্টোবর থেকে। এর ফলে প্রথমবারের মতো যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরা এই ট্রেনে করে কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন।

২৬ অক্টোবর থেকে বর্ধিত সেবা চালু করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান ।

তিনি আরও জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে। এখন কক্সবাজার পর্যন্ত চলবে। তবে কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো এটি সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না, বরং যাত্রাপথে বিভিন্ন জেলার স্টেশনে থামবে।

নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর মতো স্টেশনের যাত্রী, যারা এতদিন কক্সবাজারের সরাসরি ট্রেনগুলোতে উঠতে পারতেন না, তারা এখন ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর ট্রেনটি রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় এসে থামবে।

ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। এই সেবার ফলে যাত্রীরা শোভন চেয়ারের পাশাপাশি স্নিগ্ধা, এসি সিট এবং এসি বার্থেও ভ্রমণের সুযোগ পাবেন।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামে দুটি ট্রেন নিয়মিত চলছে।

মোহাম্মদ সফিকুর রহমান জানান, নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।

   

About

Popular Links

x