Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় অভিযান: ডাকাত দলের সর্দার শাওনসহ আটক ৬ 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ 

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

ঢাকার আশুলিয়ার ইয়ারপুরে একটি বাড়িতে সাড়ে সাত ঘণ্টা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাওনসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। 

এ সময় ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র, রামদা ও দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা টঙ্গী বাড়ি, জিরাবো ও কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করতেন। 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে এই ডাকাত চক্রের সন্ধান পায় পুলিশ। তদন্তে চক্রটির পরিচয় ও শাওনের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে আটক করতে অভিযান চালানো হয়। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা টঙ্গী বাড়ি, জিরাবো ও কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করতেন। তবে আটক বাকি ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযানের বিষয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বলেন, ‘‘কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে এই আন্তঃজেলা ডাকাত দলের সন্ধান পাই আমরা। এরপর আমাদের একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তারা বারবার পুলিশের ওপর হামলা চালায় ও পালানোর জন্য ঘরের তিন-চারটি দরজা ভেঙে ফেলে। এমনকি এক নারী পোশাক শ্রমিকের গলাতেও তারা ছুরি ধরেছিল। কিন্তু আমাদের দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার রুদ্ধদার ও সুকৌশলী অভিযানে শেষ পর্যন্ত শাওনসহ মোট ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছি।’’ 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এছাড়া শাওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান এই উপ-পরিদর্শক। 

   

About

Popular Links

x