‘মোখা’ দেখতে সমুদ্র সৈকতে ভিড়, উৎসুকদের সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় “মোখা”র অগ্রভাগ। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

রবিবার (১৪ মে) সকাল ৯টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, মোখার গতি এখন ঘণ্টায় ২১৫ কিলোমিটার। যা প্রায় সুপার সাইক্লোনের কাছাকাছি। তবে উপকূলে উঠে আসার পর এর গতি কিছুটা কমে ১৮০ থেকে ১৯০ কিলোমিটার হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার বিকেল বা সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শেষ করবে। গতিবেগ অনুযায়ী এর বেশিরভাগ অংশ এবং ঝড়ের কেন্দ্র যাবে উত্তর মিয়ানমারের দিকে। আর বাকিটা পড়বে কক্সবাজার উপকূলে।

এদিকে, ঘূর্ণিঝড় মোখা দেখতে কক্সবাজার, কুয়াকাটাসহ বিভিন্ন সৈকতে জড়ো হয়েছেন শত শত মানুষ। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রবিবার দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, “কক্সবাজার সাগর পাড়ে যারা মোখা দেখার উৎসব করছেন তাদের ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

উপকূলীয় এলাকায় এ পর্যন্ত সাড়ে সাত লাখের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছেন উল্লেখ করে তিনি বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস প্রস্তুত আছে। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।”

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “আজ দুপুর ২টার মধ্যে কক্সবাজার উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় মোখা। বিকেল ৩টার মধ্যে পুরো ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূল অতিক্রম করে চলে যাবে।“