তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম মিয়া (৪৫) নামে এক গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলার শরীফবাগ গ্রামের মৃত শানু মিয়ার ছেলে আলম। তিন সন্তানসহ বর্তমানে কুনিপাড়ায় থাকতেন।

মৃত আলমের ছেলে মমিন হোসাইন জানান, কুনিপাড়া প্রগতির মোড়ে তাদের ভ্যান গাড়ির গ্যারেজ রয়েছে। সকালে বাসা থেকে বের হয়ে গ্যারেজে যান তার বাবা। সেখানে একটি ব্যাটারিচালিত ভ্যান মেরামত করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।