নারায়ণগঞ্জে লাইটার জাহাজে আগুন, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইটার জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ওই আগুনের ঘটনা ঘটে। রবিবার সকালে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানান।

দগ্ধরা হলেন– মো. রুবেল (৩৮), সোহেল (৩৮), ইমতিয়াজ (৪২), ইমন (৩৫), হুমায়ন কবির (৫৪), রাহাদ (২৫), রাকিব (২৪), নাজমুল (৩৩)।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, রুবেলের শরীরের ৪৫%, সোহেলের ৪৫%, ইমতিয়াজের ৩০%, ইমনের ৬৭% এবং হুমায়ন কবিরের শরীরের ৩০% দগ্ধ হয়েছে।

এছাড়া প্রাথমিক চিকিৎসা নেওয়া রাহাদের শরীরের ১০%, রাকিবের ১%  এবং নাজমুলের শরীরের ১%  দগ্ধ হয়েছে।