প্রচণ্ড গরম অনুভূত হওয়ার জন্য নির্বিচারে বৃক্ষ নিধনকে দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, “আমাদের বাঁচার একটাই পথ- বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে।”
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর মহাখালীর এ কে খন্দকার সড়কে ডিএনসিসি ও বন অধিদপ্তরের যৌথ বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকা শহরকে সবুজে ছেয়ে দেওয়ার সংকল্প ব্যক্ত করেন। মেয়র বলেন, “যেখানেই ফাঁকা জায়গা সেখানেই বৃক্ষরোপণ করে পরিচর্যা করতে হবে। এভাবে আগাতে থাকলে ঢাকা হবে আবার সেই সবুজ ঢাকা এবং একটি পরিপূর্ণ অক্সিজেন হাব।”
তিনি বলেন, “গাছপালা কমে যাওয়ায় এখন আর শ্যামলছায়া দেখা যায় না। সবুজ-শ্যামল বাংলাদেশ থেকে দূরে সরে গেছে। এগুলো এখন আমাদের কাছে ইতিহাস। ঢাকা শহরে পরিকল্পিত বৃক্ষরোপণের মধ্য দিয়ে সেই ইতিহাসকে সামনে নিয়ে আসতে চাই। আবার ঢাকা শহরকে সবুজ ছায়ায় ছেয়ে দিতে চাই।”
ডিএনসিসি মেয়র বলেন, “আমি দাবি জানিয়েছিলাম, যারা সুষ্ঠুভাবে ছাদবাগান করবেন তাদের ১০% হারে হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই সুবিধা এখন সব সিটি কর্পোরেশন ও পৌরসভাকে দিচ্ছে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত।”
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বনসংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসেইন মোহাম্মদ নিশাদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম ও বনসংরক্ষক আর এস এম মনিরুল ইসলাম প্রমুখ।