দেশে ১২ বছরে ডিমের উৎপাদন বেড়েছে ৩০৭%

“প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন” প্রতিপাদ্যে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে “বিশ্ব ডিম দিবস”। শুক্রবার (১৪ অক্টোবর) ডিম দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সরকারের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

দেশে গত ১২ বছরে ডিমের উৎপাদন বেড়েছে ৩০৭% বেশি। অব্যাহত উৎপাদন বৃদ্ধির ফলে বর্তমানে ডিমের বাৎসরিক প্রাপ্যতা বেড়ে হয়েছে মাথাপিছু ১৩৬টি। বর্তমানে বছরে দুই হাজার কোটি ডিম উৎপাদিত হচ্ছে। ২০৪১ সালে এই উৎপাদন সাড়ে চার হাজার কোটিতে পৌঁছাবে।

প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন, ডিমের খাদ্যমান ও পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে অবহিত করা, একই সঙ্গে ভোক্তার দৈনন্দিন খাদ্য তালিকায় ডিম অন্তর্ভুক্তিকে উৎসাহিত করাই ডিম দিবস পালনের উদ্দেশ্য। 

বাংলাদেশে প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্সেস অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে দেশে ডিম দিবস পালিত হচ্ছে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পুষ্টিমান অনুসারে, বছরে একজন মানুষকে কমপক্ষে ১০৪টি ডিম খেতে হবে। এর বেশি হলেও ক্ষতি নেই বলে জানিয়েছেন পুষ্টি বিশেষজ্ঞরা।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশে বছরে ডিমের উৎপাদন দাঁড়াবে চার হাজার ৬৪৮ কোটি ৮ লাখ পিস। বর্তমানে বাংলাদেশে ডিমের উৎপাদন  বছরে দুই হাজার ৫৭ কোটি ৬৪ লাখ পিস।

এছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)- ২০৩০ বাস্তবায়নে জনপ্রতি দুধ, মাংস ও ডিম খাওয়ার বাৎসরিক লক্ষ্যমাত্রা যথাক্রমে ২৭০ মিলি, ১৫০ গ্রাম ও ১৬৫টি ধরা হয়েছে। 

বাংলাদেশ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-৪১) বাস্তবায়নের উদ্দেশ্যে রূপকল্প-২০৪১ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে জনপ্রতি দুধ ৩০০ মিলি, মাংস ১৬০ গ্রাম ও ডিম ২০৮টি ধরা হয়েছে। 

এই লক্ষ্য বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর ডিম উৎপাদনের একটি প্রাক্কলন করেছে। সে হিসাব অনুযায়ী, ২০৩১ সাল নাগাদ বাংলাদেশে ডিমের বার্ষিক উৎপাদন হবে প্রায় তিন হাজার ২৯৩ কোটি ৪ লাখ কোটি এবং ২০৪১ সাল নাগাদ চার হাজার ৬৪৮ হাজার ৮ লাখ পিস।

জাতিসংঘের মা ও শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদন বলছে, বর্তমানে দেশে হাঁস-মুরগির পরিমাণ বাড়ছে। ২০১৬-১৭ সালে দেশে মোট হাঁস-মুরগির পরিমাণ ছিল ৩২৯ কোটি ২০ লাখ। পাঁচ বছর পর ২০২০-২১ সালে এসে দেশে হাঁস-মুরগির পরিমাণ দাঁড়ায় ৩৬৫ কোটি ৮৫ লাখ। যা থেকে বছরে ডিম উৎপাদন হচ্ছে দুই হাজার ৫৭ কোটি ৬৪ লাখ পিস। বিশ্বব্যাংকের গবেষণা বলছে, আগামী এক দশকে যে কয়টি আমিষ বা প্রাণিজপণ্যের জনপ্রতি প্রতিদিনের চাহিদা ক্রমবর্ধমান হারে বাড়বে, তার মধ্যে এগিয়ে থাকবে ডিম, মাংস ও দুধ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশের প্রাণিসম্পদ অধিদপ্তর।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব মতে, দেশে বর্তমানে নিবন্ধিত লেয়ার খামারের সংখ্যা ২০ হাজার ৪৬৪টি। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। ডিমের উৎপাদনে ছোট ও বড় খামারি বাংলাদেশে মোট যে পরিমাণ বাণিজ্যিক পোল্ট্রি ডিম উৎপাদিত হয় তার মাত্র ১০ থেকে ১২% উৎপাদন করে প্রাতিষ্ঠানিকভাবে পরিচিত খামারগুলো। অর্থাৎ দেশের ৮৮ থেকে ৯০% ডিম আসে ক্ষুদ্র ও প্রান্তিক খামার থেকে। 

সার্বিক বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম সংবাদমাধ্যমকে বলেন, সমৃদ্ধ জাতি গড়তে হলে পরিপূর্ণ পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ডিম। এই খাদ্য উপাদান যেন ব্যয়বহুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গত তিন দশকে সারাবিশ্বে ডিমের উৎপাদন প্রায় ১৫০% বৃদ্ধি পেয়েছে। বিগত ১২ বছরে বাংলাদেশে ডিমের উৎপাদন ৩০৭% এরও অধিক বৃদ্ধি পেয়েছে। ডিমের উৎপাদন বৃদ্ধি ও সহজলভ্য করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে, স্বনির্ভর করতে হবে।”

প্রসঙ্গত, ১৯৯৬ সালে অনুষ্ঠিত আইইসি ভিয়েনা কনফারেন্স থেকে দীর্ঘ ২৭ বছর ধরে বিশ্বব্যাপী চলছে একটি ইতিবাচক ক্যাম্পেইন। যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিমের প্রয়োজনীয়তার বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবারে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে “বিশ্ব ডিম দিবস”।