Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে প্রতি পাঁচজনে ২ জনের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই

২০২৫ সালে দেশের ৬ কোটি ৭৮ লাখ মানুষ পুষ্টিকর খাবার কিনতে পারেননি

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে প্রায় দুজন মানুষের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই।

মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘের পাঁচটি সংস্থার যৌথভাবে প্রকাশিত “দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬” শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশের ৩৮.৬% বা প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ পুষ্টিকর খাদ্য কিনতে পারেননি।  

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মিলে যৌথভাবে এ প্রতিবেদনটি তৈরি করেছে।

এতে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশে এ হার ছিল ৩৮.৬%। আর পাকিস্তানে ৬৩% মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য ছিল না। 

“স্বাস্থ্যকর খাদ্যতালিকা” বলতে প্রতিদিন মাথাপিছু ২,৩৩০ কিলোক্যালরি শক্তি সরবরাহ করতে সক্ষম এমন খাদ্যকে বোঝানো হয়েছে। এতে শর্করা, প্রাণিজ আমিষ, শুঁটি জাতীয় খাদ্য, বাদাম ও বীজ, শাকসবজি, ফলমূল এবং তেল-চর্বি, এই ছয়টি খাদ্যগোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ২৬৯ কোটি মানুষ, অর্থাৎ ৩২.৭% মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য ছিল না। আফ্রিকায় এ সংখ্যা সবচেয়ে বেশি, ৬৬.৬%। এরপর এশিয়ার অবস্থান, ২৮.৯ % এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ২৫.৭%।

তবে দেশে স্বাস্থ্যকর খাবারের দাম বাড়লেও মানুষের ক্রয়ক্ষমতা আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। ২০১৭ সালে যেখানে ৬২.৮% বা প্রায় ১০ কোটি ১৮ লাখ মানুষের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য ছিল না, ২০২৫ সালে তা কমে ৩৮.৬% নেমে এসেছে। 

   

About

Popular Links

x