চট্টগ্রামের আনন্দবাজার এলাকা থেকে মাছ ও হাঁস-মুরগির আমদানি নিষিদ্ধ খাবারসহ প্রাণীর বর্জ্য ও হাড়যুক্ত মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম বোঝাই ১০টি ট্রাক জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস ও পুলিশ।
সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় চট্টগ্রাম কাস্টমস ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করে।
সূত্র জানিয়েছে, বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ডাম্প করেছিল কাস্টমস। কিন্তু একটি চক্র রাতের আঁধারে সেখান থেকে সেগুলো আবার সংগ্রহ করে কোথাও পাঠানোর চেষ্টা করছিল। অভিযানের আগে রাত সাড়ে ১০টা পর্যন্ত এমবিএমসহ অন্তত ২০টি ট্রাক ওই এলাকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম-কমিশনার তারেক হাসান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “কাস্টমস আইন অনুযায়ী এমবিএম ধ্বংস করার জন্য ল্যান্ডফিল এলাকায় ডাম্প করা হলেও, একটি চক্র তা আবার বাইরে পাচার করছে। অভিযান চলছে এবং আমরা চলে যাওয়া ট্রাকগুলোর গন্তব্য জানার চেষ্টা করছি।”
এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম আমদানি নিষিদ্ধ করে।
শুল্ক কর্মকর্তা এবং আমদানিকারকরা জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং কানাডায় এমবিএম নিষিদ্ধ হলেও সেসব দেশ থেকে রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।