Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার, আন্তঃশিক্ষা বোর্ডের সতর্কতা

এই ধরনের কোনো সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জারি করা হয়নি বলে জানানো হয়েছে

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

আগামী ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়ানো হয়েছে। এই ধরনের কোনো সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি বোর্ডের পক্ষ থেকে জারি করা হয়নি বলে পরিষ্কার জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নাম ব্যবহার করে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাইয়ের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে। বিষয়টি নজরে আসার পর পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি স্পষ্ট করেছে যে, এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

এই অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সকল পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণকে বিশেষ অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যেকোনও তথ্য সঠিক যাচাই-বাছাই ছাড়া কেউ যেন বিশ্বাস বা শেয়ার না করেন।

বিজ্ঞপ্তিতে কমিটি জানিয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত সকল প্রশাসনিক সিদ্ধান্ত, সময়সূচির পরিবর্তন, নতুন বিজ্ঞপ্তি ও যেকোনো নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হয়।

   

About

Popular Links

x