জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ কল পেয়ে গাইবান্ধার সদরের গিদারি ইউনিয়ন থেকে হাত-পা বেঁধে নির্যাতন ও ঘরে আটকে রাখা এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের টাকার দাবিতে ভুক্তভোগী গৃহবধূকে নির্যাতন করা হচ্ছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে শ্বশুর বাড়ি থেকে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ভুক্তভোগীকে চাপ দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। এ নিয়ে প্রায়ই তার ওপর নির্যাতন চালানো হতো। ঈদে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলে ভুক্তভোগী গৃহবধূ। বাবার বাড়ি তিনি গতকাল বৃহস্পতিবার দুপরে শ্বশুর বাড়িতে ফেরেন।
বাড়িতে ফেরার পর থেকে গৃহবধূকে তার শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের টাকার দাবিতে গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগীকে হাত-পা বেঁধে মারধর শুরু করেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে একটি ঘরে দরজা-জানালা বন্ধ করে আটকে রাখা হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ভুক্তভোগী গৃহবধূর বাবার বাড়ির লোকজনকে জানান। তারা ৯৯৯-এ কল করে ভুক্তভোগীকে উদ্ধারের অনুরোধ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদার রহমান জানান, “৯৯৯-এ কল পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশের খবর পেয়ে ভুক্তভোগীর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।”