সিদ্দিকবাজারে বিস্ফোরণের মামলা, প্রতিবেদন ২০ জুন

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ২৫ জন নিহতের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২০ জুন ধার্য করেছেন আদালত।

রোববার (২১ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।

গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। ওই বিস্ফোরণে ২৫ জন মারা যান।

বিস্ফোরণের ঘটনার পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের গাফিলতির অভিযোগ এনে বংশাল থানায় মামলা করে।

মামলা দায়েরের পর ওই ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে মিন্টু জামিনে, ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান কারাগারে রয়েছেন।