বুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সৈয়দপুরের এক কলেজের ১৪ শিক্ষার্থী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১৪ শিক্ষার্থী। এর আগে একই প্রতিষ্ঠান থেকে ৩৫ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩৫ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ছেলে ২০ জন ও মেয়ে ১৫ জন। গত বছর এই সংখ্যা ছিলো ৪৩।

ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হচ্ছেন মাহির নুরায়ন স্বচ্ছ ২৩১, লামিসা ২৬৫, নোমান ৯১১, রিসা ৪৩১, সৈকত ৫৪১, রাব্বি ৫৫২, আইনুল বারি ৮২০, আতিকুল সিহাব ৮২৭, বৃষ্টি রায় ৮৭১, ইসরাত ১২৮২, ত্বাকি আহমেদ সাদ ১৩০৮, তূর্য্য ১৪৪০, বাঁধন ১৫০৮ ও শাহরিয়ার কবির সিয়াম ৯১৭।

এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, “এই শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৪ জন শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন।”

অধ্যক্ষ আরও বলেন, “এটি কোভিড-১৯ সময়ের ব্যাচ ছিল। সেভাবে আমরা নার্সিং করতে পারিনি। তারপরও এবার ১৪ জন ভর্তির সুযোগ পেয়েছে। ২০২২ সালেও ১৯ জন ভর্তির সুযোগ পেয়েছিল।”

আগামী দিনে এ সংখ্যা বাড়বে বলে আশা করেন তিনি।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ পাবলিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখছেন। এই সাফল্যের কারণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কলেজটি পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।