ঢাকায় শনিবার সকাল থেকে টানা ঝরছে বৃষ্টি। এতে বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পানি জমেছে। কোথাওবা কোমর পানি। সেই নোংরা পানি পার হয়ে নিজ নিজ গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।
শনিবার (১ জুলাই) বংশাল, নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, গুলশান, হাতিরঝিল, মিরপুর-১৩, ফার্মগেট, মোহাম্মদপুর, বাড্ডাসহ আশপাশের বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে।
এ কারণে ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহন চলাচলে হিমশিম খাচ্ছে এসব এলাকার বাসিন্দারা।
ঈদ-উল-আজহা থেকে শুরু করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) শনিবার ২৪ ঘণ্টায় দেশের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, “রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।”
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।