রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে নাসরিন (২৫) নামে এক গৃহকর্মীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিত খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডি এক নম্বর সড়কের একটি ভবনের ছয়তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে মারা যান ওই তরুণী। তিনি ওই ভবনের একটি ফ্ল্যাটে এক বছর ধরে গৃহকর্মী হিসাবে কাজ করছিলেন।”
এসআই বলেন, “ওই তরুণীর গ্রামের বাড়ি ভোলায় বলে জানা গেছে। তবে ভোলার কোথায়, তার বাবা-মায়ের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা এখনও পাওয়া যায়নি। ওই বাসার লোকজন তার বিস্তারিত ঠিকানা দিতে পারছেন না। তবে আমরা পরিবারের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছি।”
আইনি প্রক্রিয়া শেষে রাত ৩টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
সে কি লাফিয়ে পড়েছে, না ফেলে দেওয়া হয়েছে? জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। এছাড়া অন্য কোনো কিছু রয়েছে কি-না, তা আমরা তদন্ত করে দেখছি।”