Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে দুই সন্তানকে বিষপান করিয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

গুরুতর অবস্থায় মা ও দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১২:৩০ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষপান করিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। গুরুতর অবস্থায় মা ও দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে দুই শিশুর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার টেপিরবাড়ি গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নারী মনি আক্তার (৩০)। তিনি নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা। তাদের দুই সন্তান চার বছর বয়সী আব্দুল্লাহ এবং দুই বছর বয়সী মাইশা।

শিশুদের বাবা জানান, স্ত্রী ও সন্তানদের নিয়ে টেপিরবাড়ি গ্রামের এক বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে তিনি স্ত্রী ও দুই সন্তানকে ঘরের মেঝেতে ছটফট করতে দেখেন। এ সময় দুই শিশুর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং ঘরে কীটনাশকের তীব্র গন্ধ পাওয়া যায়।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মা মনি আক্তারও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা তদন্ত করছে।

   

About

Popular Links

x