জাতীয় সংসদের ২৪তম অধিবেশন প্রত্যক্ষ করলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৪ সেপ্টেম্বর) এই বিরল ঘটনার সাক্ষী হয়েছে জাতীয় সংসদ।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিষয়টি সংসদে জানালে সংসদ সদস্যরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, “গত ৫৩ বছরের ইতিহাসে এই সংসদে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম— সেটা গণতন্ত্রের সৌন্দর্য। সংসদে নীরবে নিবৃতিতে একটি অভূতপূর্ব ঘটনা দেখলাম।”
টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন দায়িত্ব পালনের পর সম্প্রতি মো. আবদুল হামিদ অবসরে যান।
প্রবীণ রাজনীতিবিদ ও সংসদ সদস্য মো. আবদুল হামিদ পাঁচ বছর আগে ২০১৮ সালে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসাবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছিলেন।
এর আগে ২০১৩ সালের ১৪ মার্চ সিঙ্গাপুরে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান চিকিৎসাধীন থাকার সময় মো. আবদুল হামিদ প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন আবদুল হামিদ।
এরপর ২০১৩ সালের ২২ এপ্রিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুরে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৫৯ সালে তৎকালীন ছাত্র সংগঠন ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন ও ১৯৬৯ সালের শেষের দিকে আওয়ামী লীগে যোগ দেন।
মো. আবদুল হামিদ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত নবম জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হন।
তিনি ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সাতবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।