হিজাবের পিন গিলে ফেললেন তরুণী, অস্ত্রোপচার ছাড়াই বের করলেন চিকিৎসক

মাদ্রাসায় যাওয়ার জন্য হিজাব পরছিলেন সুমাইয়া আক্তার (১৮)। হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি ঢোক গেলেন এবং পিনটি তার পেটে চলে যায়।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওইদিন রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে কোনো অস্ত্রোপচার ছাড়াই পিনটি বের করে আনেন মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা নামের এক চিকিৎসক।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা।

তিনি টার ফেসবুক পোস্টে লিখেছেন, “মাদ্রাসাছাত্রী সুমাইয়া, বয়স ১৮ বছর। মেয়েটি আজ সকালে হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন। সন্ধ্যায় মেয়েটিকে তার মামা চেম্বারে আনেন। আমি সেই পিনটি অ্যান্ডোসকপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনি। আলহামদুলিল্লাহ মেয়েটি সুস্থ আছে। হিজাব পরতে গিয়ে কখনো পিন মুখে নেবেন না কেউ।”

এই চিকিৎসক জানান, সন্ধায় সুমাইয়াকে ক্লিনিকে নিয়ে এলে তিনি এক্স–রে করে পিনটির অবস্থান দেখেন। আধা ঘণ্টার চেষ্টায় অ্যান্ডোসকপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে তিনি পিনটি বের করে আনেন। পিনটি নাভির কাছাকাছি গিয়ে গেঁথে ছিল।