পটুয়াখালী সদর উপজেলার শান্তিবাগ এলাকায় বাসার মধ্যে একটি কক্ষের ভেতরে আটকা পড়ে তিন বছরের এক শিশু। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আনোয়ার সাত্তার বলেন, “সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাগ থেকে তুষার নামে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। তিনি জানান, তার বাসার একটি কক্ষে গৃহকর্মীর তিন বছর বয়সী শিশু দরজা বন্ধ করে আর খুলতে পারছে না। শিশুটি রুমের ভেতরে ভয়ে কান্নাকাটি করছে। তিনি শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান।”
পুলিশ পরিদর্শক বলেন, “পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।”