খুলে দেওয়া হলো ফার্মগেটের নব-নির্মিত ফুটওভার ব্রিজ

রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটে নব-নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ফুটওভার ব্রিজটি উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

এলিভেটেডে এক্সপ্রেসওয়ের নির্মাণের জন্য প্রায় দেড় বছর আগে ফার্মগেট এলাকার পুরানো ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়। ডিএনসিসির তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নতুন নির্মাণ করেছে ।

ঢাকার মধ্যে এটিই এখন সবচেয়ে সুপ্রশস্ত ফুটওভার ব্রিজ। ব্রিজটি প্রায় ১৮ ফুট চওড়া। এখানে রয়েছে ছয়টি পকেট, যেখানে দাঁড়িয়ে নিচের রাস্তাসহ আশপাশের সব দেখতে পারবেন পথচারীরা। ফুট ওভার ব্রিজটির দুই দিকেই উঠানামার জন্য তিনটি সিঁড়ি বসানো হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, ফুটওভার ব্রিজের দুই প্রান্তেই এক্সেলেটর এবং লিফট বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ওঠা-নামার স্থানে অস্থায়ী দোকানের জন্য প্লাজা নির্মাণসহ ব্রিজের নিচে “বাস বে” ও “কার ড্রপ” সুবিধা রাখা হবে।